খেলার ছলে নিখোঁজ ৮ বছরের শিশু রাফি, ৩ দিন পর খাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর ফেরা হলো না আট বছরের শিশু রাফি আকনের।
নিখোঁজের তিন দিন পর আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বাড়ির মাত্র আট মিনিটের দূরত্বের একটি খালের কচুরিপানার ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এই ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রাফি আকন দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে খেলার জন্য বের হয় রাফি। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিস্তারিত তথ্য ছড়িয়ে দেন।
আজ সোমবার স্থানীয় এক কিশোর খালে গোসল করতে নেমে কচুরিপানার মধ্যে মানুষের হাত ভেসে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে সেখান থেকে রাফির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেন।
নিহত রাফির স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। রাফির ফুফু জানান, "রাফি বাড়ি থেকে বের হওয়ার সময় এক ব্যক্তি তাকে দেখেছিল। পরে ওই ব্যক্তি হঠাৎ দাবি করেন রাফি অপহৃত হয়েছে। তিনি কীসের ভিত্তিতে নিশ্চিত হলেন যে সে অপহৃত হয়েছে? আমাদের প্রবল সন্দেহ, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।"
নাতিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন রাফির দাদি। রাফির পরিবারের সবাই এই নির্মম ঘটনার রহস্য উন্মোচন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: