• ঢাকা
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীর গলাচিপার জেলের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ' বিক্রি হলো ১২ হাজারে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৬ পিএম;
পটুয়াখালীর গলাচিপার জেলের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ' বিক্রি হলো ১২ হাজারে

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলাসংলগ্ন আগুনমুখা নদীতে এক জেলের জালে আড়াই কেজি ওজনের একটি বড় আকৃতির ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। পরে নদী তীরবর্তী পানপট্টি আড়তে উন্মুক্ত নিলামে মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পানপট্টি ইউনিয়নের লঞ্চঘাটে সোহাগ হাওলাদারের আড়তে মাছটি বিক্রির জন্য তোলা হয়। উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় আড়তদার মো. মনির হোসেন মাছটি কিনে নেন।

আড়তদার ও স্থানীয় সূত্রে জানা যায়, পানপট্টির জেলে ইয়াকুব মোল্লা শনিবার ভোররাতে আগুনমুখা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টেনে তোলার পর অন্যান্য ছোট-বড় ইলিশের সঙ্গে বড় আকৃতির এই রুপালি ইলিশটি তার জালে ধরা পড়ে। রোববার সকালে মাছটি বিক্রির জন্য পানপট্টি লঞ্চঘাটের সোহাগ হাজীর আড়তে আনা হলে মুহূর্তেই এলাকায় খবর ছড়িয়ে পড়ে।

বিশাল আকারের এই ইলিশটি একনজর দেখতে এবং কিনতে ঘাটে সাধারণ মানুষ ও ক্রেতারা ভিড় জমান। পরে উন্মুক্ত নিলামে আড়াই কেজি ওজনের ইলিশটির সর্বোচ্চ দাম ওঠে ১২ হাজার টাকা। শেষ পর্যন্ত গলাচিপার আড়তদার মনির হোসেন মাছটি কিনে নেন।

জেলে ইয়াকুব মাঝি বলেন, “শনিবার আগুনমুখা নদীতে জাল ফেলার সময় অন্যান্য সাধারণ ইলিশের সঙ্গে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে। রোববার সকালে অন্যান্য মাছের সঙ্গে এটি আড়তে নিলামে তুললে ভালো দাম পেয়েছি।”

এ বিষয়ে গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুনবী বলেন, “আড়াই কেজি ওজনের একটি বড় ইলিশ জেলের জালে ধরা পড়া অত্যন্ত আনন্দের বিষয়। এটি আমাদের স্থানীয় জেলেদের জন্য বড় আশার আলো দেখাচ্ছে। সামনে নদীর পরিবেশ অনুকূল থাকলে জেলেদের জালে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আমরা আশা করছি।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন