চ্যাম্পিয়ন হওয়ার পর এমএলএসের কমিশনারকে কেন শাসালেন মেসি
গোল ও অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন করেন লিওনেল মেসি। ম্যাচ শেষে ক্যাম্পেওনেস কাপে ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপনেও মাতলেন মায়ামির অধিনায়ক।
কিন্তু হঠাৎ করেই কি যেন হলো মেসির। পুরস্কার বিতরণী মঞ্চ থেকে নেমে তর্জনী উঁচিয়ে শাসাতে থাকলেন তিনি। আর মুখে কিছু একটা বলছিলেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক। যার ওপর ক্ষিপ্ত হন মেসি তিনি হলেন মেজর লিগ সকারের (এমএলএস) কমিশনার ডন গারবার।
একবার নয় কয়েকবারই গারবারের দিকে আঙুল তুলে শাসাতে থাকেন মেসি। তার ক্ষিপ্ত হওয়ার সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তবে কি কারণে এত ক্ষিপ্ত হয়েছেন তিনি, তা জানা যায়নি। মেসিকে কিছু একটা বলেছিলেন গারবার।
প্রতি উত্তরে আঙুল নাড়িয়ে তার কথা প্রত্যাখান করেন এবং আর্জেন্টিনার প্লে-মেকারের মুখায়বে স্পষ্টত রাগান্বিত ভাব দেখা যায়।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনের হারকিউলেস গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘এমএলএস কমিশনার ডন গারবারের ওপর মেসিকে স্পষ্টতই বিরক্ত দেখা গেছে। ক্যাম্পেওনেস কাপ ট্রফি উদযাপনের পর তিনি একবার নয়, দুইবার তার মুখোমুখি হন।’
এর আগে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ক্যাম্পেওনেস কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে হেডে এক গোল করেন মেসি। তার নেওয়া কর্নার থেকে হেডে দলের দ্বিতীয় গোল করেন কাসেমিরো।
গোলটিতে একটা কীর্তিও গড়েছেন মেসি। মায়ামির হয়ে ১০০তম গোল পেয়েছেন ৩৯ বছর বয়সী প্লে-মেকার। ১১৪ তম ম্যাচে এই কীর্তি গড়েছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। তার ক্যারিয়ারে যেকোনো ক্লাবের হয়ে দ্রুততম গোলের সেঞ্চুরি।
ক্যাম্পেওনেস কাপ হচ্ছে এক ম্যাচের বার্ষিক প্রতিযোগিতা। টুর্নামেন্টের ফাইনালে খেলে মেজর লিগ সকারের (এমএলএস) কাপ চ্যাম্পিয়ন এবং মেক্সিকোর লিগা এমএক্সের ক্যাম্পিওন দে ক্যাম্পিওনেস জয়ীরা। ২০১৮ সাল থেকে টুর্নামেন্টটি হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবার মায়ামির মাঠ ন্যু স্টেডিয়ামে ফাইনাল হয়েছে। সুযোগ পেয়ে ঘরের মাঠের শিরোপা প্রতিপক্ষকে নিয়ে যেতে দেননি মেসিরা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: