• ঢাকা
  • বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

লিখিততে উতরে ভাইভায় আটকে যেতেন, অবশেষে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শাকিল


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৯ পিএম;
লিখিততে উতরে ভাইভায় আটকে যেতেন, অবশেষে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শাকিল

মো. নাফিউর রহমান, মহাদেবপুর (নওগাঁ ) প্রতিনিধি:

 

জন্ম থেকেই চোখে আলো নেই নওগাঁ সদর উপজেলার হরিহরপুর গ্রামের মো. শাকিলের। তবে এই দৃষ্টিপ্রতিবন্ধকতা তাঁকে উচ্চশিক্ষা অর্জনের পথ থেকে একবিন্দুও দূরে সরিয়ে রাখতে পারেনি। হাজারো প্রতিকূলতা আর সংগ্রাম পেরিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে সফলভাবে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। 
কিন্তু পড়াশোনা শেষ করেও কাঙ্ক্ষিত চাকরি মিলছিল না তাঁর। অবশেষে সব বাধা পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি কৃষিবিষয়ক প্রকল্পে ‘সেকশন অফিসার’ পদে চাকরি পেয়েছেন শাকিল।

গত মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে শাকিলের হাতে নিয়োগপত্র তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর চাকরির বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের সাধারণ এক পরিবারের সন্তান শাকিল। ছোটবেলা থেকেই দৃষ্টিপ্রতিবন্ধকতার নানা সীমাবদ্ধতা জয় করে তিনি পড়াশোনা চালিয়ে গেছেন। তিনি নওগাঁ সদর উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা, বদলগাছীর বালুভরা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বদলগাছী সরকারি কলেজ থেকে
 উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করেন। এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

শাকিল বলেন, “লেখাপড়া শেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভা বোর্ডে গিয়ে শুধু দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার কারণে চাকরি থেকে বঞ্চিত হতাম। বারবার এমন হতাশাজনক পরিস্থিতিতে একপর্যায়ে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।”

নিজের দীর্ঘ শিক্ষাজীবন ও সংগ্রামের কথা সম্প্রতি নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের কাছে তুলে ধরেন শাকিল। তাঁর এই দুরবস্থার কথা শুনে স্থানীয় সংসদ সদস্য তাঁর কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেন এবং বিষয়টি প্রধানমন্ত্রীর গোচরে নিয়ে আসেন।

এদিকে শাকিলের এই দীর্ঘ শিক্ষাজীবনের পথচলায় ছোট ভাই সাব্বির ও বন্ধু গৌতম ‘শ্রুতিলেখক’ হিসেবে নিরলসভাবে তাঁকে সহযোগিতা করেছেন বলে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শাকিল। অবশেষে কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার পর তাঁর দীর্ঘদিনের সংগ্রাম এক নতুন আলোর মুখ দেখল।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন