ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের কানাইপুরের হাসান হত্যা মামলায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই মামলায় ২০১ ধারায় ওই চার আসামিকে সাত বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামিরা আটক থাকাকালীন অবস্থায় যে সাজা ভোগ করেছেন সেখান থেকে বাদ যাবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন।
বুধবার (১৬ আগস্ট ২০২৬) দুপুর ১টার দিকে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের মোসা. ফরিদা বেগম (পলাতক), ফারুক বিশ্বাস, চান্দু শেখ ও শাহজাহান মাতুব্বর। মামলার ৪ আসামির মধ্যে ৩ আসামি উপস্থিত ছিলেন। বাকি আসামি মোসা. ফরিদা বেগম পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় ৩ আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণীতে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৮ সালের ৯ মে রাত থেকে ১৩ মে বিকেলের মধ্যে ঝাউখোলা এলাকার ইমাম উদ্দিন শেখের ছেলে হাসান শেখকে হত্যা করে মরদেহ পুঁতে রাখা হয়। ১৩ মে বিকেলে ঝাউখোলা গ্রামের আখ ক্ষেতে স্থানীয়রা কাজ করতে গিয়ে মরদেহের গন্ধ পেয়ে সেখান থেকে বস্তাবন্দি হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট শাহ্ মো. আজিজুর রহমান বিকু বলেন, মামলায় অভিযুক্ত ৬ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট রয়েছি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: