• ঢাকা
  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

আমতলী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৭ পিএম;
আমতলী উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

মোঃ আঃ কাইয়ুম, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

 

বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ জোরদার এবং শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার আমতলী উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহমুক্ত উপজেলা’ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আমতলীকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।

বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আমতলী এপির সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

এনএসএসের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কর্মকর্তা ও সাংবাদিক মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসএসের নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এপিসিওর সিনিয়র ম্যানেজার স্টিফেন হালদার রুবেন, টেকনিক্যাল স্পেশালিস্ট মো. হুমায়ুন কবির এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস।

এ ছাড়া অনুষ্ঠানে আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সনঞ্জয় কুমার দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপকুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাহমুদ সেলিম এবং আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো. রেজাউল করিম বাদল, সুজনের আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জিহাদ, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মাতুব্বর, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী আবদুর রহমান সালেহ, সাংবাদিক নাসরিন সুলতানা সিপু ও শিউলী মালাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, পুরোহিত, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইয়ুথ ও চাইল্ড ফোরামের সদস্য এবং এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এনএসএস আমতলীর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার বাল্যবিবাহ প্রতিরোধে বিগত সময়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং অর্জন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধ করতে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়; সমাজ ও পরিবারের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমতলীকে বাল্যবিবাহমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, একটি শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে হলে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করতে হবে। এর মাধ্যমে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ার পাশাপাশি অল্প বয়সে মাতৃত্বজনিত স্বাস্থ্যঝুঁকিও কমে আসবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এনজিও, গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক ও যুব প্রতিনিধিরা আমতলীকে বাল্যবিবাহমুক্ত রাখার বিষয়ে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করেন এবং নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন