পটুয়াখালীর বসাক বাজার সড়ক যেন মৃত্যুফাঁদ, মর্মান্তিক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজার সংলগ্ন সড়কটি এখন স্থানীয়দের কাছে আতঙ্কের অন্য নাম। একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় ভারী হয়ে উঠছে এই এলাকার বাতাস। গত শুক্রবারের একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় (ইমরান ট্রাভেলস) হাসপাতালের বারান্দায় সারিবদ্ধভাবে পড়ে থাকা চারটি নিথর দেহ যেন চারটা পরিবারের হাজারো স্বপ্ন ও আশাকে চিরতরে ধূলিসাৎ করে দিয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, পটুয়াখালী-বরিশাল মহাসড়কের বসাক বাজার এলাকার এই সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এখানে ছোট-বড় দুর্ঘটনা কবলিত হয় যানবাহন। বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এই পথ এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
গতকালের সেই ভয়াবহ দুর্ঘটনায় ঢাকাগামী ‘ইমরান ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। মুহূর্তেই উল্লাসময় যাত্রা পরিণত হয় কান্নায়। ঘটনাস্থল থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত চারজন নিথর যাত্রীর লাশ যখন বারান্দায় পড়ে ছিল, তখন স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। যারা সকালে জীবিকা বা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছিলেন, স্বজনদের কাছে তাদের ফিরতে হয়েছে লাশ হয়ে। নিভে গেছে কয়েকটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির জীবন প্রদীপ। সঙ্গে সঙ্গে চিরতরে অম্লান হয়ে গেছে তাদের কতশত বুকভরা স্বপ্ন ও আশা।
বারবার এভাবে তরতাজা প্রাণ ঝরে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাঁদের দাবি, অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ সড়কটিতে গতিরোধক (স্পিডব্রেকার) স্থাপন, ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে এই সড়কে মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: