• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৮ পিএম;
মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

মসজিদুল হারামের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। হারামাইন শরিফাইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ফজরের ওয়াক্তে মক্কা নগরীতে তিনি মৃত্যুবরণ করেন।

শায়খ ইবরাহিম মাদানি মসজিদুল হারামের মুকাব্বিরিয়ার অন্যতম সদস্য ছিলেন। মুকাব্বিরিয়ায় দায়িত্ব পালনকারী মুয়াজ্জিনরা আজান দেওয়ার পাশাপাশি প্রয়োজনমতো ইমামের তাকবির মুসল্লিদের কাছে পৌঁছে দেন। পবিত্র মসজিদুল হারামে মোট ২৪ জন নিয়মিত মুয়াজ্জিন রয়েছেন। তাদের মধ্যে প্রতিদিন ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজের আজান ও ফজরের প্রথম আজানের দায়িত্বে থাকেন। শায়খ ইবরাহিম বিশেষভাবে ফজরের আজান ও তাকবিরের জন্য পরিচিত ছিলেন।

জানা গেছে, মসজিদুল হারামে তার সর্বশেষ আজান ছিল গত ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে। আজান, হজ ও ঈদের তাকবিরসহ তার কণ্ঠের বিভিন্ন রেকর্ড এখনো সংরক্ষিত আছে।

শায়খ ইবরাহিম আল-মাদানি ১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তিনি পবিত্র কুরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দিয়ে তার মুয়াজ্জিন জীবনের শুরু হয়। ১৪২৮ হিজরিতে তিনি মদিনার মসজিদ আল-মাদ্দাহতে আজানের দায়িত্ব পালন করেন। এরপর ১৪৩৯ হিজরিতে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান।

মদিনায় বেড়ে ওঠার কারণে শায়খ ইবরাহিম আজানের মাদানি রীতি ও সুরের সঙ্গে গভীরভাবে পরিচিত ছিলেন। একই সঙ্গে বাবার সঙ্গে মক্কায় গিয়ে তিনি মক্কি আজানের স্বতন্ত্র ধারার সঙ্গেও পরিচিত হন। মক্কায় অবস্থানকালে তিনি মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন। ফলে তিনি মক্কি ও মাদানি দুই ধারার আজানের বৈশিষ্ট্য কাছ থেকে শেখার সুযোগ পান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন