• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩১ এএম;
পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, লিটু (দুমকি, পটুয়াখালী):

 

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবটি উদ্‌যাপন করা হয়।

নির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজা অর্চনা, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি এবং নামকীর্তন।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "হিন্দু পুরাণ অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম, অন্যায় ও নিপীড়ন বেড়ে যায়, তখনই শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণের মূল দর্শনই ছিল দুষ্টের দমন, শিষ্টের পালন এবং মানবতাবাদ। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হয়।"

তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণের অমূল্য বাণী ও জীবনদর্শন কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং এটি সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণার উৎস। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির সম্পর্কে বলেন, "এই মন্দির শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, এটি সবার। কেন্দ্রীয় মন্দিরটিকে আরও সুন্দর, দৃষ্টিনন্দন ও আধ্যাত্মিক চর্চার একটি উন্মুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রশাসন সর্বাত্মক কাজ করে যাবে।"

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. গোপাল সাহা, অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক ড. রমন কুমার বিশ্বাস, সদস্যসচিব রিপন কুমার শীল এবং পবিপ্রবি সনাতন সংঘের সভাপতি প্রত্যুষ রায় হৃদয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আকর্ষণীয় 'কংসবধ' নাটিকা মঞ্চায়ন এবং ভক্তিমূলক গান পরিবেশন করেন। পরিশেষে, বিশেষ পূজা ও অভিষেক শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপনের দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন