• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:২৭ পিএম;
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হওয়ায় পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-২০২৬ কোর্স চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার ডোপ টেস্ট করা হয়।

পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত।

বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে প্রস্থান করেন। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, ওই পরীক্ষায় তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন ‘পজিটিভ’ পাওয়া যায়। পরীক্ষার ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী এটি ‘অসদাচরণ’ শাস্তিযোগ্য অপরাধ। 

একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে গত ৩১ আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সাময়িক বরখাস্তের সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন