• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে বিদ্যুৎ দিলে ইউনিটপ্রতি ১০ টাকা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৯ পিএম;
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে বিদ্যুৎ দিলে ইউনিটপ্রতি ১০ টাকা

২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌর ব্যবস্থা স্থাপনকারী গ্রাহক ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গ্রিডে দেওয়া উদ্বৃত্ত বিদ্যুতের প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা করে পাবেন। 
 
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এই ঘোষণা দিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদে কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।
 
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম ও বাজেট বরাদ্দ নিয়ে পর্যালোচনা হয়। 

বৈঠকে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ অর্থবছরের এডিপিতে বিদ্যুৎ বিভাগের অনুকূলে ৪১টি চলমান উন্নয়ন প্রকল্প রয়েছে।

যেখানে প্রকল্প সাহায্য ১০ হাজার ৬৫৩ কোটি টাকা, জিওবি ৪ হাজার ৭১ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৩৮২ কোটি টাকা। 

বৈঠকে আরো উল্লেখ করা হয়, বর্তমানে দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট আর প্রকৃত উৎপাদন ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট, কয়লাভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াট আর প্রকৃত উৎপাদন ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট আর প্রকৃত উৎপাদন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মেগাওয়াট।

এছাড়া কমিটি রুফটপ সোলার প্যানেল থেকে কতটুকু বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে যুক্ত হচ্ছে তা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে। 
 
কমিটির কিছু প্রশ্ন সংবলিত লিখিত পেপার বৈঠকে উপস্থাপন করা হয় যা আগামী বৈঠকে উত্তরসহ উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন