• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পাঁচবিবিতে একই কলেজে দুই অধ্যক্ষ, এক সপ্তাহ ধরে অধ্যক্ষের কক্ষে তালা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০৪ পিএম;
পাঁচবিবিতে একই কলেজে দুই অধ্যক্ষ, এক সপ্তাহ ধরে অধ্যক্ষের কক্ষে তালা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাকুড়গাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড কলেজে একই সময়ে দুই অধ্যক্ষকে ঘিরে জটিলতা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গত এক সপ্তাহ ধরে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলছে। তবে অন্য কক্ষ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাপ্তরিক কার্যক্রম এবং কলেজের স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সেলিনা আক্তার দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শাহিনুর রহমান গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানে গিয়ে অধ্যক্ষের চেয়ারে বসেন। পরে তিনি সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে নিজেকে স্বপদে বহাল হওয়ার দাবি করেন।

শাহিনুর রহমান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়। ওই মামলায় কারাভোগের পর জামিন পেলেও তিনি আর প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে পারেননি। পরে ২০২৫ সালে আদালত থেকে ওই মামলায় অব্যাহতি পাওয়ার পর ব্যবস্থাপনা কমিটির কাছে পুনর্বহালের আবেদন করেন। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি গত ১৫ সেপ্টেম্বর স্বপদে দায়িত্ব গ্রহণ করেছেন বলে দাবি করেন।

অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার বলেন, অধ্যক্ষের কক্ষে তালা থাকলেও অন্য কক্ষ থেকে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে কোনো সমস্যা হচ্ছে না।

প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক জানান, ১৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে শুনানিও অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির সভাপতি ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, অধ্যক্ষের কক্ষে মূল্যবান কাগজপত্র থাকায় আপাতত কক্ষটি বন্ধ রাখা হয়েছে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অন্য কক্ষ থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন এবং কলেজের স্বাভাবিক পাঠদান অব্যাহত রয়েছে। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর শুনানি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শুনানির তারিখ পরে জানানো হবে।

দৈনিক পুনরুত্থান / দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

এ সম্পর্কিত আরও পড়ুন