পটুয়াখালীর দশমিনায় সড়কের পাশে পড়ে থাকা ১ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ ও ধ্বংস
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় তিন বস্তা অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। জব্দ করা এই পলিথিনের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারের পূর্ব পাশে পাকা সড়ক থেকে পলিথিনগুলো জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী বাজারের পূর্ব পাশে পাকা সড়কের ওপর তিনটি বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন দশমিনা থানায় খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং বস্তাগুলো খুলে অবৈধ পলিথিন দেখতে পান।
পুলিশ জানায়, বস্তাগুলোর কোনো দাবিদার বা প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে ইউএনও মাহমুদ হাসান মৃধা সেগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘বেতাগী বাজারের পূর্ব পাশে সড়কে তিন বস্তা পলিথিন পড়ে থাকার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ পলিথিনগুলো জব্দ করে থানায় নিয়ে আসে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে ইউএনও মহোদয়ের উপস্থিতিতে বা নির্দেশনায় তা পুড়িয়ে ধ্বংস করা হয়।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘বেতাগী বাজারের পূর্ব পাশে মালিকবিহীন তিন বস্তা পলিথিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে আসে। পরিবেশ রক্ষায় অবৈধ এই পলিথিনগুলো পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: