ফরিদপুরে সম্পর্কের টানাপোড়েনে স্কুলছাত্রের ওপর কিশোরীর ছুরি নিয়ে হামলা
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে এক কিশোরীর (স্কুল ছাত্রীর) বিরুদ্ধে। এসময় ওই কিশোরীকেও কিল-ঘুষি মারা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্র (১৬) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভাঙ্গা পৌরসভার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত কিশোরী (১৪) ভাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরিহিত এক কিশোরী ছুরি হাতে এক কিশোরের দিকে এগিয়ে গিয়ে তাকে আঘাত করছে। এসময় ওই কিশোরও মেয়েটিকে কিল-ঘুষি ও লাথি মারছে। পরে সেখানে উপস্থিত বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে ওই কিশোরকে দেখতে পেয়ে মেয়েটি তার কাছে যায়। একপর্যায়ে সে বোরকার ভেতর থেকে ছুরি বের করে ছেলেটিকে আঘাত করে। এতে সে সামান্য আহত হয়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
অভিযুক্ত কিশোরীর ভাষ্য, তাদের মধ্যে প্রায় দুই বছর ধরে সম্পর্ক। সস্পর্ক অনেক দূর পর্যন্ত গড়ানোর পর ছেলেটি এক পর্যায়ে সম্পর্কে ছেদ ঘটনার চেষ্টা করে। গত কয়েকদিন ধরে ছেলেটি তাকে এড়িয়ে যাচ্ছে। ছেলেটির সাথে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ছেলেটি কৌশলে মেয়েটিকে এড়িয়ে যাচ্ছে। অনেকবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে মঙ্গলবার দেখা পেয়ে আঘাত করার চেষ্টা করে।
এ ঘটনায় কিশোরের মা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: