দশমিনায় ‘ইয়ুথ এভারগ্রিন সোসাইটি’র ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবাপ্রাপ্ত ৪ শতাধিক মানুষ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
মানবসেবার অনন্য নজির স্থাপন করে পটুয়াখালীর দশমিনায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘ইয়ুথ এভারগ্রিন সোসাইটি’। এই বিশেষ আয়োজনে উপজেলার চার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই সেবা কার্যক্রম চলে।
ক্যাম্পে দিনব্যাপী সেবা প্রদান করেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক— ডা. আবদুল্লাহ আল মারুফ, ডা. আরাফাত রহমান, ডা. সোহেল রানা ও ডা. শারাফ সাদমানী আঁখি।
সকাল থেকেই বিনামূল্যে সেবা নিতে স্থানীয় সাধারণ মানুষ ও প্রবীণ রোগীদের উপচে পড়া ভিড় দেখা যায়। চিকিৎসকরা অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সাথে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাঁদের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেন। গ্রামপর্যায়ে এমন মানসম্মত সেবা ও ওষুধ পেয়ে উপস্থিত সেবাগ্রহীতারা গভীর সন্তোষ প্রকাশ করেন।
আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিনিধি নিরব বলেন, “সমাজের স্বাস্থ্যসেবাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। নিজেদের ব্যস্ততার মাঝেও যেসব মহানুভব চিকিৎসক দিনব্যাপী নিরলসভাবে রোগীদের সেবা দিয়েছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবকল্যাণে ইয়ুথ এভারগ্রিন সোসাইটির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবকদের সুশৃঙ্খল ও সুসংগঠিত পরিচালনায় পুরো আয়োজনটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: