আমতলীতে ডুলির ভেতর থেকে পদ্মগোখরা সাপ উদ্ধার
মো: আ: কাইয়ুম আমতলী বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় একটি বাড়ি থেকে পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী (এএলপি)।
রোববার (১১ অক্টোবর) সংগঠনটির হটলাইন নম্বরে ফোন করে জানানো হয়, উপজেলার কল্যাণপুর এলাকার একটি বাড়িতে তুষ বা ধানের কুড়া রাখার জন্য ব্যবহৃত বাঁশের তৈরি ডুলির ভেতরে একটি সাপ আটকে রয়েছে।
খবর পেয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিকের দিকনির্দেশনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক কাওসার ওরফে হৃদয়, কুয়াকাটা শাখার টিম লিডার আল সাঈদ এবং উদ্ধারকর্মী মাহাবুব আলম। পরে তাঁরা সাপটি নিরাপদে উদ্ধার করেন।
সংগঠন সূত্রে জানা গেছে, উদ্ধার করা পদ্মগোখরা সাপটি পরবর্তী সময়ে বন বিভাগের উপস্থিতিতে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সংগঠনটি নিয়মিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: