• ঢাকা
  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দশমিনায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার: ৮ জেলের কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৪ পিএম;
দশমিনায় তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার: ৮ জেলের কারাদণ্ড

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মা ইলিশ আহরণের দায়ে আট জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। পরে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গত শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরশিবা গ্রামের সাতজন এবং ভোলার চরফ্যাশন উপজেলার লালপাতা গ্রামের একজন রয়েছেন। এ সময় তাঁদের ব্যবহৃত ৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— গলাচিপা উপজেলার ছোটশিবা গ্রামের মো. লিটন জোমাদ্দার (৪০), দিরীপ রানা (৪৫), মো. নিরব (২৮), মো. রাব্বি হাওলাদার (২২), মো. রাসেল (২৭), মো. বাবুল হোসেন (৩৮), ভোলার চরফ্যাশন উপজেলার লালপাতা গ্রামের মো. রাজ্জাক কাজী (৫০) এবং মো. জসিম হাওলাদার (৪৫)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান শেষে আটক জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মৎস্য সংরক্ষণ আইনে প্রত্যেক জেলেকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জালগুলো হাজিরহাট এলাকায় তেঁতুলিয়া নদীর তীরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অফিসার রহমাতুল্লাহসহ নৌপুলিশের একটি দল অংশ নেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “মা ইলিশ রক্ষায় নির্ধারিত সময়ে তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি আদেশ অমান্য করে নদীতে মাছ শিকার করায় পার্শ্ববর্তী দুই উপজেলার আট জেলেকে আটক করে সাজা দেওয়া হয়েছে। ইলিশ সম্পদ সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন