৯ বছর পর কুয়াকাটায় পর্যটন কার্নিভাল, ৬ লাখ পর্যটক সমাগমের সম্ভাবনা
দীর্ঘ ৯ বছর পর আবারও কুয়াকাটা সমুদ্রসৈকতে বসছে ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। আগামী ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হবে।
এই আয়োজন ঘিরে ইতিমধ্যে সৈকত ও আশপাশের এলাকায় সাজসজ্জা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রস্তুতি শুরু হয়েছে। কার্নিভালকে কেন্দ্র করে দুই দিনে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের সমাগম হতে পারে মনে করছে আয়োজক কমিটি।
কার্নিভাল সফলভাবে আয়োজনের লক্ষ্যে রবিবার (৪ অক্টোবর) বিকেলে কুয়াকাটার পর্যটন হলিডে হোমসের কনফারেন্স হলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্যটকদের নিরাপত্তা, যাতায়াত, আবাসন, খাবার, বিনোদন, অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে সভায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দুই দিনব্যাপী কার্নিভালে থাকবে বিচ ম্যারাথন, বিচ ফুটবল, বিচ ক্রিকেট, ফুড ফেস্টিভ্যাল, ঘুড়ি উৎসব, চর বিজয় ভ্রমণ, পুথি পাঠ, বাউল গানের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি হেলথ ট্যুরিজম নিয়েও বিশেষ আয়োজন থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে একটি আকর্ষণীয় ও নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে।
পর্যটন কার্নিভালের মাধ্যমে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটন সুবিধাগুলো দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরা হবে। এই দুই দিনে কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: