• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

আলফাডাঙ্গায় মাদকবিরোধী অবস্থানে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৬ পিএম;
আলফাডাঙ্গায় মাদকবিরোধী অবস্থানে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় মাদকবিরোধী অবস্থানের জেরে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জেরে এক সচেতন নাগরিক ও তার পরিবারের সদস্যদের অব্যাহত প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দূর্জয় রহমান অনিক (২৬)।

রবিবার (৪ অক্টোবর) বিকালে, আলফাডাঙ্গা পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কর্মরত সংবাদকর্মীদের কাছে লিখিত অভিযোগের মাধ্যমে এসব দাবি জানান তিনি। দূর্জয় রহমান অনিক আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত এস.এম. হাবিবুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে দূর্জয় রহমান অনিক জানান, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এরই ধারাবাহিকতায় নওয়াপাড়া গ্রামের রবি ঘোষের মাদক ব্যবসা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেন এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করতে সহযোগিতা করেন। পরে আদালতের রায়ে রবি ঘোষের ৯ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
অনিকের দাবি, ওই ঘটনার পর থেকেই রবি ঘোষের সহযোগী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় রাসেল মিয়া, পিতাঃ দরবেশ মিয়া, গ্রামঃ বাকাইল এবং তার সৌদি প্রবাসী ভাই সোহেল মিয়া তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

অভিযোগে আরও বলেন, রাসেল মিয়া প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। একই সঙ্গে তার সৌদি প্রবাসী ভাই সোহেল মিয়াও বিভিন্ন মাধ্যমে অনিকের বোনকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
এ অবস্থায় অনিক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি করেন। যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় মাদক ব্যবসা ও হুমকির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দূর্জয় রহমান অনিক।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন