• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‘সরকার সংসদকে কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ’


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৮ এএম;
‘সরকার সংসদকে কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ’

সরকার সংসদকে একটি কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে জনগণ ও আমাদের প্রধানমন্ত্রী যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন, তারই ধারাবাহিক প্রতিফলন হচ্ছে আজকের এই জাতীয় সংসদ। এই সংসদ শুধু সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। একই সঙ্গে এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ বি এম আশরাফ উদ্দিন, (নিজান) উপস্থিত ছিলেন।

চিফ হুইপ বলেন, আজ যে সংসদ অধিবেশন শুরু হবে, সেটি হবে জনগণের সংসদ। এটি দেশের মানুষের অধিকার, আশা এবং স্বপ্নের প্রতিনিধিত্বকারী একটি সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান।

একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করার বিষয়ে চীফ হুইপ বলেন, আমরা চাই সংসদে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা, যুক্তিপূর্ণ তর্ক ও সুস্থ বিতর্কের পরিবেশ সৃষ্টি হোক। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা।

তিনি বলেন, আমরা জনগণের অকুণ্ঠ সমর্থন কামনা করি। আমরা বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতাও প্রত্যাশা করি।

আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও ঐক্যমতের ভিত্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহের সমাধান করা সম্ভব এবং সেই পথ ধরেই আমরা জাতিকে আরো শক্তিশালী ও স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারব।

একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য উল্লেখ করে মো. নূরুল ইসলাম বলেন, আমাদের অঙ্গীকার হচ্ছে—সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা, দারিদ্র্য দূর করা এবং দেশের অর্থনীতিকে আরো গতিশীল ও শক্তিশালী করে তোলা। ব্রিফিং শেষে সাংবাদিকদের অধিবেশন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন তিনি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন