• ঢাকা
  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. আর্ন্তজাতিক

ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৪ পিএম;
ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে এক ব্যক্তির হট্টগোল ও অসৌজন্যমূলক আচরণের পর তাঁর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন এবং ওই ঘটনার কোনো প্রভাব তাঁর ওপর পড়েনি বলে জানিয়েছেন সফরসঙ্গী লামিয়া মোর্শেদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান লামিয়া মোর্শেদ।

পোস্টে তিনি লেখেন, ‘জেএফকে বিমানবন্দরে ওই বর্বর লোকগুলো আক্রমণাত্মক আচরণ করার ঠিক কয়েক মিনিট আগে আমি এই ছবিগুলো তুলেছিলাম। পুরো পথজুড়েই আমাদের ভালোবাসা ও সম্মান সঙ্গে আছে। স্যার একদম ঠিক আছেন। এই ঘটনাটি কেবল ওই বর্বর মানুষগুলোর চরম পশুপাখি মার্কা আচরণ, আর তারা কতটা করুণ ও নিম্নমানের সেটাই নতুন করে প্রকাশ করেছে। এতে স্যারের ওপর কোনো আঁচ পড়েনি। প্রিয় বন্ধুরা, আপনাদের পাঠানো অনেক অনেক সমর্থনসূচক বার্তার জন্য ধন্যবাদ।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে দেখা যায়। ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

এদিকে নিউইয়র্ক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় সরকার আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি ঘটনাটিকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, এ বিষয়ে সরকার আইনি পদক্ষেপ নেবে। প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতেই শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, পুনর্মিলন বা সমঝোতার প্রক্রিয়ার জন্য গুরুতর ফৌজদারি অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার হওয়া প্রয়োজন। তাঁর ভাষ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা একটি দল দেশ ছেড়ে চলে যাওয়ার পরও অনুতাপের কোনো লক্ষণ দেখাচ্ছে না; বরং নানা ধরনের সংকট তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর তিনি কেন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, সেটিকেই তাঁর অপরাধ হিসেবে দেখানো হচ্ছে। শুধু ড. ইউনূস নন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধেও একই ধরনের আচরণের চেষ্টা হয়েছে বলে দাবি করেন তিনি।

হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা, তদন্তের নির্দেশ

নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সরকারের এ অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা প্রকাশ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অপরাধী চক্র বিদেশের মাটিতে এ নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মোকাবিলা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন