মাকে ভরণপোষণ না দিয়ে মারধর, ছেলে কারাগারে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আবু ইউছুফ উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আবু ইউছুফ দীর্ঘদিন ধরে তার বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্নভাবে দুর্ব্যবহার ও মানসিক নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত ২ জুন দুপুরে তিনি মাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এই ঘটনায় ভুক্তভোগীর মেয়ে এবং অভিযুক্তের বোন রোকেয়া বেগম বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার গতকাল সোমবার (৮ জুন) অভিযান চালিয়ে অভিযুক্ত আবু ইউছুফকে গ্রেপ্তার করেন। পরে তাকে চাঁদপুর আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, বাবা-মায়ের ভরণপোষণ আইন অনুযায়ী সন্তানদের ওপর তাদের বাবা-মায়ের দেখভাল ও যত্নের আইনি দায়িত্ব রয়েছে। লিখিত অভিযোগ ও মামলার ভিত্তিতে পুলিশ দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: