নড়িয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা অধ্যক্ষ গ্রেপ্তার
পুনরুত্থান ডেস্ক :
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মাওলানা হোসাইন আহমেদ (৫৫) নামে এক মাদরাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হোসাইন আহমেদ উপজেলার সুরেশ্বর এলাকার সেকান্দার বিন আবদুল আজিজের ছেলে। তিনি নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়া এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় সাইয়েদেনা কওমি মাদরাসার পরিচালক/অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পেটে ব্যথা অনুভব করলে কিশোরীকে ঝাড়ফুঁক করানোর জন্য পাশের মাদরাসার পরিচালক হোসাইন আহমেদের কাছে নিয়ে যান তার মা। এ সময় হোসাইন আহমেদ কিশোরীর মাকে এক বোতল সরিষার তেল ও পানি কিনে আনতে বলেন।
পুলিশ জানায়, কিশোরীর মা তেল ও পানি আনতে বাইরে গেলে সেই সুযোগে হোসাইন আহমেদ কিশোরীকে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন করেন।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ১ অক্টোবর নড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ও ১০ ধারায় মামলা করেন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে তৎপর ছিল। মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: