• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

গলাচিপায় অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৭ পিএম;
গলাচিপায় অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্প্রসারিত প্রশাসনিক ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা অনলাইন জুয়ার ভয়াবহতা, তরুণদের মধ্যে এর বিস্তার, পারিবারিক ও সামাজিক ক্ষতি এবং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে মতামত তুলে ধরেন।

সেমিনারে বক্তব্য প্রদান করেন স্থানীয় শিক্ষার্থীরা,  সাংবাদিক বৃন্দ, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাওহীদ ইসলাম, কোর্ট জামে মসজিদের ইমাম দলিল উদ্দিন, এ্যাড. মো. খবির উদ্দিন, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপার আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির আর্থিক ক্ষতির কারণ নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘নিজের মধ্যে আগে খুঁজে দেখতে হবে। হয়তো আপনার ভেতরে একজন জুয়াড়ি, লুটেরা কিংবা অন্যায়ের প্রবণতা লুকিয়ে আছে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ অনুসরণ করলে মানুষ নিজেকে ভালোভাবে চিনতে পারে এবং সৎ পথে চলতে পারে।’

তিনি আরও বলেন, ‘পরিবর্তনের শুরুটা আমাদের নিজেদের থেকেই হতে হবে। আমরা যদি নিজেদের ঠিক করতে পারি, তাহলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।’ মাদক ও জুয়ার বিষয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

সেমিনারে অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কার্যকর প্রয়োগ এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন