আজতেকায় পর্দা উঠলো ২০২৬ বিশ্বকাপের
আজ ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় পর্দা উঠছে বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টা মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সাজানো হয়েছে তারকাবহুল আয়োজন। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ থাকছেন বিশ্বসংগীতের দুই জনপ্রিয় তারকা শাকিরা ও বার্না বয়। তারা পরিবেশন করবেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।
এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ মিলে বিশ্বকাপের আরেকটি অফিসিয়াল সংগীত ‘ডিএনএ’–এর বিশেষ পরিবেশনা উপস্থাপন করবেন।
মেক্সিকোর সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অংশ নেবেন দেশটির বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী। মঞ্চে থাকবেন জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলেস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করবেন মেক্সিকোর জাতীয় সংগীত।
লাতিন সংগীতের আবহ আরও জমিয়ে তুলবেন ভেনেজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ার দুই তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো। তাদের রেগেটন পারফরম্যান্সে গ্যালারিতে বাড়বে উন্মাদনা।
তবে আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও থাকছে পৃথক উদ্বোধনী অনুষ্ঠান।
১২ জুন টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত হবে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
এর এক দিন পর, ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান। সেই মঞ্চে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে তিন আয়োজক দেশই তাই প্রস্তুত করেছে সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বর্ণিল উৎসব।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: