• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম;
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :

 


বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার কালিয়ার খালে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক কাঠের ট্রলারে তল্লাশি চালিয়ে এসব হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করেন। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার দুপুরে জানান, জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান সোহাগ জানান, দক্ষিণ চরদুয়ানী এলাকার একটি খালে কোস্ট গার্ডের নেতৃত্বে অভিযান চালানো হয়। রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলা অভিযানে হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়। আদালতের নির্দেশে জব্দ করা মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, হরিণের মাংস উদ্ধারের বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন