• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২৪ পিএম;
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

সিলেটের বিশ্বনাথে ঘরে ঢুকে আবদুল মজিদ বকুল নামের এক ছাত্রদল নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ উপজেলার পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করে পোস্ট দেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে আবদুল মজিদ বকুল পাল্টা জবাব দেন।

এর জেরে বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

আহত অবস্থায় বকুলকে প্রথমে বিশ্বনাথ স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র আরো জানায়, ছাত্রদল নেতাকে মারধর করার পর বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাসায় গিয়ে আশ্রয় নেন শামীম।

সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ধরতে ভিড় জমালে সেখান থেকে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে পুলিশ।

তবে ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়নি বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি বলেন, ‌‘এরকম একটা ঘটনা আমরা শুনেছি। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি।

তবে আমরা বিষয়টি তদন্ত করছি।’

ওসি আরো বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের আলটিমেটাম দেন ছাত্রদল নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায় তিনি ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তাকে পিটিয়েছেন। খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন