• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

২০ লাখ ভোটে ইসলামী আন্দোলনের এক আসন, ২২ লাখে এনসিপির ৬


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম;
২০ লাখ ভোটে ইসলামী আন্দোলনের এক আসন, ২২ লাখে এনসিপির ৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী এককভাবে ২৫৭টি আসনে প্রার্থী দিয়ে প্রায় ২০ লাখ ২৪ হাজার ১৪০ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে, ২০ লাখ ভোট পেলেও দলটি আসন জিতেছে মাত্র একটি।

অন্যদিকে, ৩২টি আসনে প্রার্থী দিয়ে প্রায় ২২ লাখ ৬৩ হাজার ৭৯৫ ভোট পেয়ে ৬টি আসনে জয়লাভ করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। অর্থাৎ, মোট ভোটে সামান্য ব্যবধান থাকলেও আসনের হিসাবে এনসিপি অনেক এগিয়ে গেছে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বড় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় দুটি আসনের ফল স্থগিত থাকলেও দলটি ২৯০টি আসনে প্রার্থী দিয়ে মোট ২১১টি আসনে জয় পেয়েছে। বিএনপি পেয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৫৪ ভোট, যা মোট প্রদত্ত ভোটের প্রায় ৪৯ দশমিক ৯৭ শতাংশ। 

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি ২২৭টি আসনে প্রার্থী দিয়ে ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯ ভোট পেয়েছে (৩১ দশমিক ৭ শতাংশ) এবং এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে।

তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সারা দেশে ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৪৩ লাখ ৩৯ হাজার ২৩৮ ভোট (৫ দশমিক ৭৯ শতাংশ) পেয়েছেন, যাঁদের মধ্যে ৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি আসনে প্রার্থী দিয়ে প্রায় ১৫ লাখ ৬৪ হাজার ভোট এবং দুটি আসনে জয় পেয়েছে।

আর খেলাফত মজলিস ২০টির বেশি আসনে লড়ে প্রায় ৫ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে একটি আসনে জয়লাভ করেছে।

অন্যান্য দলের মধ্যে গণঅধিকার পরিষদ (জিওপি) ৯৪টি আসনে লড়ে প্রায় ২ লাখ ৪৩ হাজার ভোট পেয়ে একটি আসনে জয়ী হয়েছে। গণসংহতি আন্দোলন ১৭টি আসনে লড়ে প্রায় ১ লাখ ৪ হাজার ৮১২ ভোট পেয়ে একটি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৫ হাজার ৭৮৯ ভোট পেয়ে একটি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে ৩০টি আসনে প্রার্থী দিয়েও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কোনো আসনে জয় পায়নি।

এ নির্বাচনে ৩০ বা তার বেশি আসনে প্রার্থী দিয়েছে এমন দল রয়েছে ১২টি। ২০ থেকে ২৯টি আসনে ৮টি দল, ১০ থেকে ১৯টি আসনে ১১টি দল এবং ১০টির কম আসনে ১৯টি দল প্রার্থী দিয়েছে। একটি আসনে প্রার্থী দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্রের পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সাম্য অধিকার পার্টি এবং বাংলাদেশ ন্যাপ। দুটি আসনে প্রার্থী দিয়েছে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং বাংলাদেশ কল্যাণ পার্টি। তিনটি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ ইসলামী পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ।

নির্বাচনে অংশ নেওয়া ছোট দলগুলোর মধ্যে কয়েকটির ভোট ছিল নগণ্য। বাংলাদেশ সাম্য অধিকার পার্টি পেয়েছে ১৬৯ ভোট এবং গণতন্ত্রের পার্টি পেয়েছে ১৫১ ভোট। এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি ৫৭৯ ভোট, গণফ্রন্ট ৭৫৩ ভোট এবং বাংলাদেশ জাতীয় পার্টির একটি অংশ ৭৭২ ভোট পেয়েছে। সারা দেশে ৫টি দল রয়েছে যারা এক হাজারের কম ভোট পেয়েছে।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন