বরগুনায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড
হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় বসতঘরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হওয়া ইমাম হোসেন (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা থানাধীন ২ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর ধুপতি এলাকায় মো. রুহুল আমিন আকনের বসতঘরে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ইমাম হোসেন বরগুনা সদর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেমুয়া এলাকার মো. মজিবর শিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে বরগুনা থানার এসআই (নিঃ) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল-১ ডিউটিতে ছিলেন। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে খবর আসে, চর ধুপতি এলাকায় একটি বসতঘরে চুরি করতে গিয়ে এক যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। খবর পেয়ে এসআই সাইফুর রহমান সঙ্গীয় কনস্টেবল মো. মজেদুর ও বিপ্লবকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাম হোসেন পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ইমাম হোসেন চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ এবং আলমারি থেকে বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার জন্য নামিয়ে রাখার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। এ সময় বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে ৯৯৯ নম্বরে ফোন করেন।
এ ঘটনায় বরগুনা থানায় সাধারণ ডায়েরি নং-১০৫, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬-এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০/৪৫৪ ধারায় অভিযোগ আনা হয়।
আসামিকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান সামারি ট্রায়ালের মাধ্যমে দণ্ডবিধির ৪৫৪ ধারায় চার্জ গঠন করে রায় দেন। রায়ে ইমাম হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: