• ঢাকা
  • শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মহম্মদপুরে বিজ্ঞান ও উদ্ভাবনের মেলা: অনুষ্ঠিত স্টার্টআপ ও ইনোভেশন শোকেস


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৮ পিএম;
মহম্মদপুরে বিজ্ঞান ও উদ্ভাবনের মেলা: অনুষ্ঠিত স্টার্টআপ ও ইনোভেশন শোকেস

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে মাগুরার মহম্মদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। আজ শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ৯.০০টায় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্যোক্তা ভাবনার নানা প্রকল্প উপস্থাপন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন মোবারক।

​প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংস্কৃতি মন্ত্রী বলেন, "বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের চর্চা বাড়াতে হবে।" তরুণদের সৃজনশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

​দিনব্যাপী এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ এবং দৈনন্দিন জীবনের জটিল সমস্যা সমাধানের বিভিন্ন সৃজনশীল উদ্ভাবন স্থান পায়। অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টাল ঘুরে দেখেন এবং তাদের এই অসাধারণ প্রচেষ্টার  প্রশংসা করেন।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মসূচি প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীনে পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এই চমৎকার ও সময়োপযোগী অনুষ্ঠানটির আয়োজন করে।

​অনুষ্ঠানের  বক্তারা আশা প্রকাশ করেন, তরুণদের মেধা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ আরও সমৃদ্ধ ও অনন্য হয়ে উঠবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন