• ঢাকা
  • শনিবার, ০১ আগষ্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৮ এএম;
বোয়ালমারীতে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার পৌরসভার সোতাশী মোমিন মার্কেট এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সোতাশী গ্রামের সেলিম মিয়ার ছেলে মোটরসাইকেল চালক সোহাগ মিয়া (১৮) এবং ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের বাসিন্দা কৃষক বাকু শেখের ছেলে বাইসাইকেল চালক ইলিয়াস শেখ (৩৫)। আহতদের মধ্যে ইলিয়াস শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস শেখ মোমিন মার্কেট মসজিদের পাশ দিয়ে বোয়ালমারীর দিকে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাইসাইকেলসহ ইলিয়াস শেখকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ইলিয়াস শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখেন, ইলিয়াস শেখ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী মো. জাহিদ শেখ অভিযোগ করে বলেন, মোটরসাইকেল চালক সোহাগ অত্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে ইলিয়াস শেখকে ধাক্কা দেয়। এলাকায় সে প্রায়ই দ্রুত ও ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেল চালায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন