২০ বছর বয়সেই আলোচিত সন্ত্রাসী, ১৮ মামলার আসামি ‘কুত্তা শ্রাবণ’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শীর্ষ সন্ত্রাসী ও ১৮ মামলার আসামি শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২০) ও তার তিন সহযোগীকে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৮ রাউন্ড গুলি, চারটি রাম দা, দুইটি ছুরি উদ্ধার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। এর আগে মঙ্গলবার এসআরবি-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজার থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাকিরা হলেন, সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তাদের সবার বাড়ি তারাবো পৌরসভার বিভিন্ন গ্রামে।
এসআরবি বলছে, শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কুত্তা শ্রাবণের সহযোগী সন্ত্রাসীসহ অপরাধীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এসআরবি-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বুধবার ঢাকার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর ও উঠতি বয়সী তরুণদের নিয়ে একটি সংঘবদ্ধ গ্যাং পরিচালনা করে আসছিলেন শ্রাবণ। ওই গ্যাংয়ে ৫০ থেকে ৬০ জন সদস্য রয়েছে।
রূপগঞ্জে সক্রিয় দুটি প্রধান কিশোর গ্যাংয়ের একটি শ্রাবণের নেতৃত্বে পরিচালিত হয়। অন্যটি ‘নবী গ্রুপ’ নামে পরিচিত।
তিনি বলেন, গ্রেপ্তার এড়াতে শ্রাবণ নির্দিষ্ট কোনো জায়গায় থাকতেন না। একেক দিন একেক এলাকায় রাত কাটাতেন। শ্রাবণ ও তার সহযোগীদের বিরুদ্ধে কেউ পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করলে তাকে হামলার লক্ষ্যবস্তু করা হত।
এসআরবি-১১ অধিনায়ক বলেন, অভিযোগের খবর পেয়ে বাদীর বাড়িতে গিয়ে হামলা, ভাংচুর এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করার মত ঘটনাও ঘটেছে। একটি মামলার জেরে বাদীর বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগের কথাও জানান তিনি।
আমেনা বেগম নামে এক নারী মামলা করায় তার বাড়িতেও হামলা চালানো হয়েছিল। এসআরবির ভাষ্য, ভয়ভীতি দেখানোর কারণে শ্রাবণের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করতে সাহস পেতেন না।
সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডেও শ্রাবণ ও তার অনুসারীদের নাম আসে। ওই ঘটনার পর শ্রাবণের শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ ছাড়া গত ১৬ সেপ্টেম্বরের আলোচিত ‘নাদিম অপহরণ’ মামলায় শ্রাবণকে এক নম্বর আসামি করা হয়।
শ্রাবণের নামের সঙ্গে ‘কুত্তা’ শব্দটি যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মাসুদ পারভেজ বলেন, তার বাবার নামের সঙ্গেও ওই শব্দটি যুক্ত ছিল। তার বাবাও একাধিক মামলার আসামি ছিলেন এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তার বাবার নাম থেকেই শ্রাবণের নামের সঙ্গে ‘কুত্তা’ শব্দটি যুক্ত হয়েছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: