জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোরকা পরিহিত অবস্থায় নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক যুবককে আটক করা হয়েছে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া গেছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য দেন।
প্রত্যক্ষদর্শীরা শিক্ষার্থীরা জানান, বোরকা পরে ক্যাম্পাসে প্রবেশের কারণ জানতে চাইলে তার বক্তব্যেও ভিন্নতা দেখা যায়।
প্রথমে তিনি জানান, শিক্ষার্থীরা তাকে বিরক্ত করায় তিনি বোরকা পরে এসেছেন। পরে বলেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে ধরিয়ে দিতে তিনি এই ছদ্মবেশ ধারণ করেছেন।
শিক্ষার্থীরা বলেন, জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিজের যোগাযোগের কথা উল্লেখ করেন ওই ব্যক্তি। তাকে পুলিশে দেওয়ার কথা উঠলে তিনি যাত্রাবাড়ী থানার এক ওসিকে কল করার অনুরোধ জানান এবং নিজেকে একজন নেতার লোক বলেও দাবি করেন।
তবে তার দেওয়া পরিচয় ও পুলিশের সঙ্গে সম্পৃক্ততার দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার দিয়ে এক যুবকের নারীর ছদ্মবেশে ঢোকার বিষয়টি অস্বাভাবিক। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছিলেন, তার কাছে থাকা আবাসিক হোটেলের কার্ডের রহস্য এবং তিনি যে নানা রকম পরিচয় দিচ্ছেন তার সত্যতা কতটুকু—সঠিক তদন্তের মাধ্যমে এসব বিষয় খতিয়ে দেখার দাবি তুলেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান জানান, বিষয়টি জেনেছি এবং ওই ব্যক্তি কী উদ্দেশ্যে এসেছিলেন, আমরা এটি ভালোভাবে জেনে তাকে পুলিশের কাছে হস্তান্তর করব। যদি কোনো ক্ষতি সাধন করতে চায়, অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: