• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগষ্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া সেই শিহাব পেল জিপিএ ফাইভ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০১ পিএম;
২ দিন আগে মারা যাওয়া সেই শিহাব পেলেন জিপিএ-৫

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে এক শিক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে তিনি গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছেন।

শিহাব উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ঢাকার বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তিনি।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। দুই ছোট বোনের বড় ভাই শিহাব ছিল পরিবারের একমাত্র ছেলে। চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসে সে। শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, ‘চাকরির কারণে শিহাবের পরিবার ঢাকায় থাকত। চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা গ্রামের বাড়িতে এসেছিল। শিহাব ছিল তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার দুটি ছোট বোন রয়েছে।’

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার বিষয়টি জানা যায়। সন্তানের এমন সাফল্যে স্বজনদের আনন্দে মেতে ওঠার কথা থাকলেও একমাত্র ছেলেকে হারানোর শোকে স্তব্ধ পরিবারটি।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা পরিবারের খোঁজখবর নিয়েছি।’

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন