দুই বছর পর পায়রা বন্দরে ভিড়লো চীনা জাহাজ, যুক্ত হলো আধুনিক ক্রেন
পটুয়াখালী প্রতিনিধি:
দীর্ঘ দুই বছরের বিরতি পেরিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি নোঙর করেছে চীনের পতাকাবাহী কার্গো জাহাজ ‘ফান ঝৌ-৬’।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দরের নিজস্ব প্রয়োজনের আমদানি করা ৫টি অত্যাধুনিক কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি নিয়ে জাহাজটি সরাসরি জেটিতে ভিড়ে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কনটেইনার হ্যান্ডিলিং কার্যক্রম আরও গতিশীল, আধুনিক এবং সময়োপযোগী করার লক্ষ্যেই মূলত এই ইকুইপমেন্টগুলো সংগ্রহ করা হয়েছে।
সংগৃহীত আধুনিক যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে—
৮০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন (QC)
৪০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি রাবার টায়ারড গ্যান্টি ক্রেন (RTG)
৮০ টন ধারণক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন (MHC)
জাহাজটির অপারেশনাল সূত্র জানায়, ১৬৮ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার ড্রাফটের (গভীরতা) এই জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সফলভাবে গন্তব্যে পৌঁছায়।
এর আগে পায়রা বন্দরের প্রথম টার্মিনালে সরাসরি বড় জাহাজ ভেড়ার তথ্য তুলে ধরে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, এর ধারাবাহিকতায় ইতিপূর্বে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে অপর মাদারভেসেল ‘এমভি ডা হং-১৬’ সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করেছিল।
বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট নিরসনে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনার পাশাপাশি পায়রা বন্দরকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের সমুদ্রবন্দর হিসেবে গড়ে তুলতে বর্তমান পরিচালনা পর্ষদ বহুমুখী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: