বোয়ালমারীতে সাহিত্য ও জ্ঞান চর্চা কেন্দ্র “অ্যাথেনিয়াম” এর শুভ উদ্বোধন
বোয়ালমারীতে সাহিত্য ও জ্ঞান চর্চা কেন্দ্র “অ্যাথেনিয়াম” এর শুভ উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষাবান্ধব উদ্যোগ আধুনিক শিক্ষা, সাহিত্য ও জ্ঞান চর্চা কেন্দ্র “অ্যাথেনিয়াম”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (ঢাকা) মোঃ মনিরুজ্জামান মিঞা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জননেতা আলহাজ্জ খোন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফরিদপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠানটি চমৎকার ভাবে উপস্থাপন করেন বোয়ালমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. রকিবুল হাসান।
উদ্বোধন শেষে এক সমৃদ্ধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আরও এগিয়ে নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী উপকরণ প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
শিক্ষা ও সংস্কৃতির প্রসারে এই উদ্যোগ বোয়ালমারী উপজেলাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে—এই প্রত্যাশা সকলের।
বই শুধু বই নয়—বই মানে আলো।
আর আলো যেখানে জ্বলে, সেখানেই জন্ম নেয় নতুন স্বপ্ন।
বোয়ালমারীর মাটিতে আজ সেই স্বপ্নেরই এক নান্দনিক ঠিকানার দ্বার খুলেছে, একটি আধুনিক “অ্যাথেনিয়াম” এর যাত্রা শুরুর মাধ্যমে।
এটি কেবল বই পড়ার স্থান নয়; হয়ে উঠতে চায় জ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক প্রাণময় কেন্দ্র ।
বইয়ের পাতায় ডুবে যাওয়ার পাশাপাশি এখানে বসবে সাহিত্য আসর, চলবে আবৃত্তির চর্চা। প্রতি সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে স্থানীয় শিল্পীদের নিয়ে জমবে সাংস্কৃতিক আড্ডা, কখনো বা মাটির গন্ধমাখা ঘরোয়া জলসা।
সারাদিনের ক্লান্তি শেষে হাতের পাশেই পাবেন বইয়ের সান্নিধ্যে শুধু জ্ঞানের বিকাশেই নয় এটা হতে পারে আপনার জন্য শান্তি দায়ক স্থান। লাইব্রেরিটি নির্মাণে এমন ভাবে পরিকল্পনা করা হয়েছে যে,
কিছুটা সময় মানুষ এখানে নিজের সঙ্গে কথা বলবে, স্বপ্ন দেখবে, কবিতায় ফিরবে, সুরে ভাসবে।
নতুন প্রজন্মের হাতে তুলে দেবে মনন ও সৃজনশীলতার এক আলোকিত দরজা।
এই সুন্দর স্বপ্নকে শুধু ভাবনায় সীমাবদ্ধ না রেখে শ্রম, মেধা, পরিকল্পনা ও আন্তরিকতার স্পর্শে বাস্তবে রূপ দিয়েছেন বোয়ালমারীর সুযোগ্য ও সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান।
একটি লাইব্রেরি হয়তো একটি ভবন; কিন্তু একটি ভালো লাইব্রেরি আসলে একটি সমাজের স্বপ্ন দেখার জায়গা।
আনুষ্ঠানিকভাবে এই নান্দনিক জ্ঞানকেন্দ্রের উদ্বোধন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: