অনলাইন জুয়ার বিরুদ্ধে আপোসহীন 'নগদ': বোয়ালমারীতে সচেতনতামূলক মতবিনিময়
অনলাইন জুয়ার বিরুদ্ধে আপোসহীন 'নগদ': বোয়ালমারীতে উদ্যোক্তাদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময়
বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী:
অনলাইন জুয়া প্রতিরোধ ও মোবাইল ফোনের মাধ্যমে নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারীতে এক বিশেষ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সচেতন হই, জুয়া থেকে বিরত থাকি, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করি’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর স্থানীয় ডিস্ট্রিবিউশন হাউজ মেসার্স মার্শিহা ইন্টারন্যাশনাল (বোয়ালমারী) এই আয়োজন করে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে সাতৈর বাজারে অবস্থিত কার্যালয়ে স্থানীয় ‘নগদ’ উদ্যোক্তা ও এজেন্টদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
মেসার্স মার্শিহা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল্লাহ্ আল মামুন-এর সার্বিক ব্যবস্থাপনায় এবং বোয়ালমারী শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ হেমায়েত হোসেন-এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নগদ লিমিটেডের টেরিটরি অফিসার (রিজোনাল সেলস, কমার্শিয়াল ডিভিশন) মো: রবিউল হাসান।
প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, "গ্রাহকদের কষ্টার্জিত অর্থ লেনদেনে শতভাগ নিরাপত্তা ও নির্ভুলতা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। সবাইকে সরকারি আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা চালাতে হবে। কোনো অবস্থাতেই অনলাইন জুয়া বা কোনো ধরনের অবৈধ আর্থিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে না।"
তিনি ডিজিটাল আর্থিক লেনদেনের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে সাধারণ গ্রাহকদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
উক্ত সভায় নগদ ডিস্ট্রিবিউশন হাউজের সুপারভাইজার জুয়েল রানাসহ বোয়ালমারী অঞ্চলের বিভিন্ন স্তরের ‘নগদ’ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সকল উদ্যোক্তা একতাবদ্ধ হয়ে অনলাইন জুয়াসহ যে কোনো অবৈধ লেনদেনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: