দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা
লিটু পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিকে ‘অযোগ্য’ ও ‘অন্য দলের সক্রিয় কর্মীদের স্থান দেওয়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ফের রাজপথে নেমেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের বিরতি শেষে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘তৃণমূলের ত্যাগী কর্মীদের রক্ত ও শ্রমের বিনিময়ে অর্জিত বিএনপিতে কোনো সুবিধাবাদী বা অন্য দলের এজেন্টদের জায়গা হতে পারে না। কেন্দ্রকে ভুল বুঝিয়ে গঠিত এই বিতর্কিত ও পকেট কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।’’
আন্দোলনকারী নেতারা অবিলম্বে বিতর্কিত কমিটি বিলুপ্ত করে রাজপথের পরীক্ষিত নেতাদের হাতে দলের দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানান। অন্যথায় সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার)। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
স্থায়ীয় সূত্র জানায়, গত ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় রাজপথের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, নতুন এই কমিটিতে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় ও অযোগ্য ব্যক্তিদের পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় কর্মীদের স্থান দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট বিকেলে নতুন কমিটির ঘোষিত আনন্দ মিছিল প্রতিহত করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত রাখা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিরতি শেষে ৬ সেপ্টেম্বর পুনর্সূচিত কর্মসূচির অংশ হিসেবে নতুন বাজারে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হলো।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: