দশমিনায় গোয়ালঘর থেকে গরু চুরির সময় মিশুকসহ হাতেনাতে আটক ২
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয়দের সাহসিকতায় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টার বাড়ির সামনের সড়কে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল (মিশুকচালক) এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে ওই এলাকায় গরু চুরির প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। যে কারণে স্থানীয়রা কোনো অপরিচিত গাড়ি বা সন্দেহজনক গতিবিধি দেখলেই সজাগ দৃষ্টি রাখেন এবং জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার দিন রাতে স্থানীয় বাসিন্দা মমিন মাস্টার বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করেন। তিনি তাৎক্ষণিকভাবে কয়েকজনকে ফোন করে বিষয়টি জানান এবং নিজে আড়ালে অবস্থান নেন।
কিছুক্ষণ পর কয়েকজন লোক একটি বাড়ি থেকে গরু বের করে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ঘিরে ফেলেন। এ সময় তাদের পরিচয় ও গরুর মালিকানা সম্পর্কে জানতে চাইলে চোর চক্রের তিন সদস্য কৌশله দৌড়ে পালিয়ে যায়। তবে স্থানীয়রা ধাওয়া করে মিশুকচালক শাকিল ও মনিরকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
আটক শাকিল ও মনির পুলিশ ও স্থানীয়দের জানান, তারা সরাসরি চুরির সাথে জড়িত নন। তাদের ফুসলিয়ে বা মিথ্যা বলে এই কাজে আনা হয়েছিল। শাকিল জানান, তিনি দশমিনা সদর পূজাখোলা এলাকায় চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় জাহাঙ্গীর, রিপন, সাগর ও মনির তাকে একটি গরু আনার কথা বলে মিশুক গাড়িতে করে বগুড়া গ্রামে নিয়ে যান। অপরদিকে মনিরের দাবি, তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। প্রতিবেশী জাহাঙ্গীর তাকে একটি গরু আনার কথা বলে শাকিলের মিশুক গাড়িতে করে ঘটনাস্থলে নিয়ে যান। গরুটি গোয়ালঘর থেকে তোলার সময় স্থানীয়রা তাদের ধরে ফেললেও জাহাঙ্গীর, সাগর ও রিপন পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: