• ঢাকা
  • রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

দুমকিতে নৈশভোরে অগ্নিকাণ্ড: বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ, পুড়ল ২ দোকান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০০ পিএম;
দুমকিতে নৈশভোরে অগ্নিকাণ্ড: বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগ, পুড়ল ২ দোকান

লিটু পটুয়াখালী প্রতিনিধি :


পটুয়াখালীর দুমকি উপজেলার পাতাবুনিয়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে স্থানীয়রা বিদ্যুৎ অফিসে অন্তত ১০ বার ফোন করলেও কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো ফোন রিসিভ করেননি বলে অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ পর ফোন রিসিভ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার আগেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান দুটি হলো—রত্না এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর রুবেল খান। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপরটি সুরাইয়া স্টোর। এর প্রোপ্রাইটর আবুল হাসান। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিভাগের গাফিলতির অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে দুমকি উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের কোনো লোক বা কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আকস্মিক এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দুই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ী সমাজ ঘটনার দ্রুত তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন