পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটোনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটোন বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা জনগণের পাশে থেকে তাদের অধিকার রক্ষা এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত হওয়ার এবং জনগণের দোরগোড়ায় পৌঁছানোর এক সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়ার সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের দীর্ঘ সংগ্রাম এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: