অনুমোদনহীন টেস্টের বিজ্ঞাপন ও ভুয়া চিকিৎসার দায়ে পঞ্চগড়ে ফার্মেসিকে জরিমানা
মাহামুদুল ইসলাম জয়,পঞ্চগড় প্রতিনিধি:
চিকিৎসক না হয়েও রোগীদের অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করা এবং অনুমোদন ছাড়াই প্যাথলজিক্যাল টেস্টের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারের একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধ করতে না পারলে অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা এই অভিযান পরিচালনা করেন। এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা রিনা উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অনধিকার চর্চা করছিলেন। সম্প্রতি গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে তার দেওয়া প্রেসক্রিপশনের ওষুধ সেবনের পর গর্ভস্থ সন্তান মারা যায় বলে পরিবার অভিযোগ তোলে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
মঙ্গলবার পরিচালিত অভিযানে দোকানে অনুমোদনহীন টেস্টের বিজ্ঞাপন প্রদর্শন ও চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার সত্যতা মেলে। পঞ্চগড় সদর ইউএনও ফাহমিদা সুলতানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তবে ওই অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার পেছনে রোকসানা আক্তারের দেওয়া ওষুধের কোনো সরাসরি ভূমিকা ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ডাক্তারি পরীক্ষা ও তদন্ত সাপেক্ষে জানা যাবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: