• ঢাকা
  • মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৮ পিএম;
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় একটি খাবার হোটেলে ভাঙচুরের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে গলাচিপা সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত আরও আটজনকে পটুয়াখালী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন কেন্দ্রীয় বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুনের অনুসারী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা। এ সময় কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবিরের অনুসারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের সমর্থকেরা একটি মিছিল নিয়ে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দেয়।
এরপর শিপলু খানের সমর্থকেরা মিছিল নিয়ে সদর রোড এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর আসাদুজ্জামান সবুজের সমর্থকেরা মিছিল নিয়ে ওই এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকজন নেতা-কর্মী আত্মরক্ষার জন্য স্থানীয় হাবিব হোটেলে ঢুকে পড়েন। পরে হোটেলটিতে ভাঙচুর করা হয়। তবে হোটেলটি কোন পক্ষের নেতা-কর্মীরা ভাঙচুর করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পুলিশ ও র্যাব সদস্যরা মাঠে তৎপর ছিলেন। কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন