• ঢাকা
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে সেনাবাহিনীর তত্বাবধানে ইংরেজি ভার্সন আধুনিক আবাসিক শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩১ এএম;
ফরিদপুরে সেনাবাহিনীর তত্বাবধানে ইংরেজি ভার্সন আধুনিক আবাসিক শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ইংরেজি ভার্সনে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন সম্পূর্ণ আবাসিক শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। এ বছর শুধুমাত্র বালক শাখা দিয়ে যাত্রা শুরু হলেও আগামী বছর থেকে বালিকা শাখাও খোলা হবে, এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ। 

ফরিদপুরে এই প্রথম ইংরেজি ভার্সনে আধুনিক ও সম্পূর্ণ আবাসিক শিক্ষার সুযোগ নিয়ে যাত্রা শুরু করেছে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ)।
 শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার ওপর গড়ে ওঠা অত্যাধুনিক এ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি শেষে গত ১২ আগস্ট থেকে পাঠদান শুরু হয়েছে।
ক্যাডেট কলেজের অনুরূপ পরিবেশে পরিচালিত এ প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, চারিত্রিক গুণাবলি, নেতৃত্ব, দেশপ্রেম, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্রীড়া, প্রযুক্তি ও ডিজিটাল লিটারেসির মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হলো এর সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা। শিক্ষার্থীদের পড়াশোনা ও আবাসিক জীবনকে স্বাচ্ছন্দ্যময় ও সুশৃঙ্খল করতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে আলাদা চেয়ার ও টেবিল, যাতে তারা নিজস্ব জায়গায় মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। আবাসিক ভবনেও প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে পৃথক বেডের ব্যবস্থা।
আধুনিক শ্রেণিকক্ষ, পরিকল্পিত আবাসিক পরিবেশ এবং শৃঙ্খলাবদ্ধ দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি।
তিনি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তি প্রক্রিয়া শেষে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ১২ আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা হবে। প্রতিষ্ঠানটি চালুর ফলে ফরিদপুরে মানসম্মত আবাসিক শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত নির্মাণকাজের আরও কিছু অংশ সম্পন্ন হওয়ার পর আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে গার্লস উইং চালুর পরিকল্পনা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ফলে ভবিষ্যতে ছাত্রীদের জন্যও এ ধরনের আবাসিক শিক্ষার সুযোগ তৈরি হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন