পল্লবী সড়কের বেহাল দশা, শিক্ষার্থীসহ পৌরবাসীর চরম দুর্ভোগ
মো: আ: কাইয়ুম, আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনা জেলার আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পল্লবী সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অংশের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার শত শত মানুষ।
বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, পথচারী, নারী, শিশু ও বয়স্কদের ভোগান্তি দিন দিন বাড়ছে। সড়কটির বর্তমান অবস্থায় রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, পল্লবী একটি আবাসিক এলাকা। সড়কটি এলাকার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ হওয়ার পাশাপাশি আমতলী আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এ পথ দিয়ে যাতায়াত করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বর্ষা মৌসুমে সড়কটির দুরবস্থা আরও প্রকট হয়। বৃষ্টির পানি ও কাদায় খানাখন্দগুলোতে পানি জমে থাকায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মী মো. মাসুম বিল্লাহ বলেন, “এলাকায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা গুরুতর অসুস্থ রোগী পরিবহনের প্রয়োজন হলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন দ্রুত প্রবেশ করতে না পারলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। একইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো নিয়েও শঙ্কা রয়েছে।”
২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মহসিন হাং বলেন, “পল্লবী একটি আবাসিক এলাকা। রাস্তা সংস্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।”
আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মনিরুল ইসলাম পাহলান বলেন, “পল্লবীর এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। দ্রুত সংস্কার করা হলে এলাকার সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন এবং তাদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”
আমতলী আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বলেন, “পল্লবী সড়ক দিয়ে আমাদের বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। রাস্তার অবস্থা ভালো না থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন চলাচলের সময় অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কটি দ্রুত সংস্কারের জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান বলেন, “আমতলী পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। জনবল সীমাবদ্ধতার কারণে নতুন কিছু কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে অচিরেই আমতলী আরমান খোরশেদ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন পল্লবী সড়কের সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছি।”
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পল্লবী সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান করবে-এমন প্রত্যাশা এলাকাবাসীর।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: