সাতৈর-ডোবরা সড়ক মারাত্মক দুর্ঘটনার ঝুঁকিতে, খানাখন্দে বেহাল অবস্থা দ্রুত সংস্কারে দাবি
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
কোথাও উঠে গেছে পিচ, কোথাও সৃষ্টি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে।
গর্ত এড়িয়ে চলতে গেলে নিয়ন্ত্রণ হারায়। এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। ফলে যানবাহনকে যেমন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, তেমনি ঝুঁকি নিয়ে পথ চলতে হয় পথচারীদেরও।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর-ডোবরা-দাদপুর সড়কের এমন দূরাবস্থায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে সরেজমিন সড়কটিতে গেলে স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার সাতৈর-ডোবরা-দাদপুর সড়কটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ। সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ।তারা জানান, প্রতিদিনই ঝুঁকি নিয়ে সড়কটিতে যানবাহন চলাচল করছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় রোগী বহনকারী যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা শাহিদ শেখ দৈনিক পুনরুত্থানকে বলেন, ‘সড়ক ভেঙে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গাড়ি চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। এর আগে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।
নছিমনচালক কায়েম বিশ্বাস বলেন, ‘গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। গাড়ি নিয়ে বের হলেই দুর্ঘটনার ভয় থাকে।’
সড়ক দিয়ে চলাচলের সময় এক ভ্যানচালক জানান, কিছুদিন আগে একটি পিকআপ তার ভ্যানে ধাক্কা দিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে প্রাণহানি না হলেও সড়কের বর্তমান অবস্থায় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বোয়ালমারী উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা বলেন, ‘সাতৈর-ডোবরা-দাদপুর সড়কটি প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ। এটি ফরিদপুর-রাজবাড়ী প্রস্তাবিত প্রকল্পের আওতায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে সড়কটির কাজ শুরু হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত মেরামতের জন্য এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: