শ্রীপুরে ২৮৮ বস্তা সার উদ্ধার,ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড
মোঃ রাশিদুল ইসলাম, মাগুরাঃ
মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা বাজারে অবৈধভাবে মজুত করা ২৮৮ বস্তা সার উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি অনুমোদন ছাড়া সার মজুত রাখার দায়ে অভিযুক্ত ব্যবসায়ী জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার টিকারবিলা বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টিকারবিলা বাজারের জামিরুল ইসলামের বসতঘরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর ঘর থেকে অবৈধভাবে মজুত করা ২৮৮ বস্তা সার জব্দ করা হয়। বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এসব সার মজুত করা হয়েছিল বলে জানা যায়।
পরবর্তীতে সারের অবৈধ মজুত রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসমাউল হুসনা পিংকি সার ব্যবস্থাপনা আইনে জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি জানান, কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনকারীদের বরদাশত করা হবে না। জনস্বার্থে সার ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপ সহকারী কৃষি কর্মকর্তা,শ্রীপুর থানা পুলিশ টিম ও স্থানীয় লোকজন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: