রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার পোস্টে রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন। পাশাপাশি বিএনপিতে থাকার সময় আওয়ামী লীগবিরোধী বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের মধ্যে সাংঘর্ষিক অবস্থান রয়েছে বলে দাবি করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়! যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা! হয়তো এ পারফরম্যান্স দেখে রুমিন ফারহানা আপাকে আওয়ামী লীগের বাংলাদেশ শাখার সভানেত্রী হিসেবেও দায়িত্ব দিতে পারে শেখ হাসিনা।’
তিনি আরও বলেন, ‘তিনি গতকাল যে বক্তব্য দিয়েছেন, তার বক্তব্য তার অতীত বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক! ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নমিনেশন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী এমপি হয়ে সংসদ গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ফটোকপি গতকাল বিএনপির বিরুদ্ধে উত্থাপন করেছেন রুমিন ফারহানা আপা!’
জামায়াতের আমির রুমিন ফারহানার বক্তব্যকে উৎসাহ দিয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লিখেছেন, ‘কিন্তু তিনি কি ভুলে গেছেন যে, কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন এমপি কিভাবে হট্টগোল করছিল? নিজেরা যে সংস্কৃতির সূচনা করেছে, সেই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা তো বেমানান!’
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনা করতে গিয়ে শফিকুল ইসলাম মাসুদ মূলত নিজেদের দিকেই ইঙ্গিত করেছেন। ওই সরকারের কৃষিমন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী এবং সেটি বিএনপি-জামায়াতের জোট সরকার ছিল বলে উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানারা সবাই আওয়ামী বয়ানের পক্ষে বেঁধেছে জোট!’
পোস্টের শেষাংশে রুমিন ফারহানার অতীতের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, ‘কিন্তু জাতি কি ভুলে গেছে, জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা আপা হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেছিলেন?’
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: