• ঢাকা
  • শুক্রবার, ০৭ আগষ্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মাদক কারবারির বাড়িতে ঢোকার আগে নিজেদেরই দেহ তল্লাশি, ব্যাখ্যা দিল পুলিশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩১ পিএম;
মাদক কারবারির বাড়িতে ঢোকার আগে নিজেদেরই দেহ তল্লাশি, ব্যাখ্যা দিল পুলিশ

মেহেরপুরের গাংনী উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনার পূর্বে পুলিশ সদস্যদের দেহ তল্লাশির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গণমাধ্যমকর্মীকে দিয়ে পুলিশ সদস্যদের তল্লাশির ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে জেলা পুলিশ জানিয়েছে, এটি কোনো অনিয়ম নয় বরং অভিযানে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতে প্রচলিত আইনি নিয়ম মেনে এটি করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ আগস্ট বিকেলে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর ইউনিয়নে পরিচালিত যৌথ অভিযানের। ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন মাদক কারবারির বাড়িতে প্রবেশের আগে স্বচ্ছতা প্রমাণের উদ্দেশ্যে এক গণমাধ্যমকর্মী উপস্থিত পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করেন এবং এরপর দলটি ভেতরে প্রবেশ করে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযানে স্বচ্ছতা নিশ্চিত করতেই অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করা হয়। যাতে পরবর্তীতে কেউ অভিযোগ করতে না পারে যে পুলিশ নিজেরা কোনো আলামত নিয়ে গিয়ে উদ্ধার দেখিয়েছে বা কাউকে ফাঁসিয়েছে।

পুলিশ রেজুলেশনস অব বেঙ্গল (পিআরবি)-এর ২৮০ বিধির ‘ডি’ উপবিধি উল্লেখ করে তিনি বলেন, তল্লাশি শুরুর আগে তল্লাশি পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা, উপস্থিত সাক্ষী এবং সংবাদদাতার দেহ তল্লাশি করার বিধান রয়েছে। এই তল্লাশি সাক্ষীদের পাশাপাশি যার বাড়ি বা স্থানে তল্লাশি চালানো হবে, তার বা তার প্রতিনিধির উপস্থিতিতেই সম্পন্ন করতে হয়। গাংনীর অভিযানে ভাইরাল হওয়া ভিডিওটি ওই বিধি অনুসরণেরই অংশ।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, নিয়ম মেনেই মাদকবিরোধী অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করা হয়েছে। এর উদ্দেশ্য হলো, অভিযান নিয়ে যেন কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহের অবকাশ না থাকে।

উল্লেখ্য, ৪ আগস্টের কাজীপুর ইউনিয়নের ওই ঘণ্টাব্যাপী যৌথ অভিযানে ৫ কেজি গাঁজা, ২১ পিস ইয়াবা ও একটি মোটরবাইকসহ শিপন হোসেন, তানজিলা খাতুন, ফজল আলী, রানা হোসেন, জাহিদ হোসেন, হাবিবুল ইসলাম ও শাহিন আলম নামের সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় পৃথক পাঁচটি মাদক মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন