শ্রীপুরে আমিরুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
মোঃ রাশিদুল ইসলাম,মাগুরাঃ
মাগুরার শ্রীপুরে আমিরুল মোল্যা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)।গ্রেপ্তাররা হলেন—শ্রীপুর উপজেলার সভাসদডাঙ্গা গ্রামের ফরিদ বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস (২০) এবং মিরাজুল ইসলাম মিরাজ বিশ্বাস (২৫)।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল লোক আমিরুল মোল্যার বাড়ির সামনে গিয়ে গালিগালাজ করেন। পরে আমিরুল ঘর থেকে বের হয়ে রাস্তায় এলে তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
আহত আমিরুলকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। শ্যামলীর ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযুক্ত করা হয়। ঘটনাটির প্রাথমিক সংবাদে আমিরুলের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিনের বিরোধের কথাও উঠে আসে।
মাগুরা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে সিসিআইসি মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।২৩ আগস্ট রাত ৩টার দিকে ফরিদপুরের মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ বিশ্বাস ও মিরাজুল ইসলাম মিরাজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: